সাভারে ছাত্র হত্যার একাধিক মামলার আসামি আওয়ামী নেতা মোবাইল মনির গ্রেপ্তার

0
46

স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে একাধিক ছাত্র হত্যা মামলার আসামি সাভার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন(মোবাইল মনির)-কে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাভার সিটি সেন্টার শপিংমল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, মো. মনির হোসেন ওরফে মোবাইল মনির সাভার সদর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ছাত্র হত্যা সংক্রান্ত ৫টি মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে ছাত্র জনতার ওপর হামলা ও গুলি চালানোর ঘটনা ঘটে, যাতে শতাধিক ছাত্র-জনতা নিহত হয়। পরবর্তীতে নিহতদের স্বজনরা হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। এসব মামলার এক আসামি হিসেবে মো. মনির হোসেন ওরফে মোবাইল মনির অভিযুক্ত। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভার সিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, বিকেলে মোবাইল মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here