সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে আহত : থানায় দুই পক্ষের অভিযোগ

0
92

সাভার প্রতিনিধি: সাভারের দক্ষিণ নামাগেন্ডা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ নামাগেন্ডা এলাকার বাসিন্দা আইয়ুব খান (৬৮) দীর্ঘদিন ধরে “ভাই ভাই খাবার হোটেল” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তিনি অভিযোগ করেন, মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে তিনি তার হোটেলের সামনে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার শাহাদাৎ হোসেন (৩২), শাকিব (২৫), মকবেল (৬০) সহ আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলে এসে তার উপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলার সময় মকবেলের নির্দেশে শাহাদাৎ ধারালো চাকু দিয়ে আইয়ুব খানের মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকালে তার ডান হাতের আঙুলে গুরুতর কাটা জখম হয়। এসময় শাকিবসহ অন্যরা লোহার রড ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আহত করে।
একপর্যায়ে হামলাকারীরা তার পরিহিত শার্ট ছিঁড়ে ফেলে এবং শার্টের বুক পকেটে থাকা ব্যবসায়িক নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে। পরে তার ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহায়তায় আইয়ুব খানকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
তবে এ ঘটনায় প্রতিপক্ষের একজন আহত হয়েছেন বলে জানা গেছে এবং উভয় পক্ষই সাভার মডেল থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here