স্টাফ রিপোর্টার: সাভারের বিরুলিয়া ইউনিয়নে অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ পুরস্কার পেয়েছেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) আল আমীন।
আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার এবং অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয় থেকে তাকে এই আনুষ্ঠানিক সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
সম্প্রতি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সভায় ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয় এসআই আল আমীন এর হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসআই আল আমীন বিরুলিয়া ইউনিয়নে যোগদানের পর থেকে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পেয়েছে। বিশেষ করে, মাদকবিরোধী অভিযান,ছোট-বড় মাদকের চালান জব্দ এবং কারবারিদের আইনের আওতায় আনা হয়।
আসামি গ্রেপ্তার, দীর্ঘদিন পলাতক থাকা পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামিদের গ্রেপ্তারে তার বিশেষ তৎপরতা,জননিরাপত্তা,স্থানীয় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে নিয়মিত টহল ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এসআই আল আমীন বলেন, যেকোনো কাজের স্বীকৃতি কাজের প্রতি উৎসাহ বাড়িয়ে দেয়। আমি এই পুরস্কার জেলা পুলিশ সুপার মহোদয়সহ আমার উর্ধ্বতন কর্মকর্তাদের উৎসর্গ করছি। বিরুলিয়াবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমি আগামীতেও এভাবে কাজ করে যেতে চাই।”
এদিকে বিরুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এসআই আল আমীন এর এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। তাদের মতে, আল আমীন এর মতো কর্মঠ ও সৎ অফিসারদের কারণে সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা খুঁজে পাচ্ছে।



