সাভারে সাংবাদিকদের সম্মানে ঢাকা জেলা জামায়াত’র ইফতার ও মতবিনিময় সভা

0
62

সাভার প্রতিনিধি: সাভারে সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা। সোমবার(৯ মার্চ) রেডিও কলোনি এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় সাংবাদিক ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে জেলা আইনবিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম এবং জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম।
এসময় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। দেশের চলমান পরিস্থিতি, জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও মতবিনিময় সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক প্রভাব ফেলে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হওয়া প্রয়োজন। সাংবাদিকদের দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করা হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here