স্টাফ রিপোর্টার: সাভারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মো. মাসুদ রানা পলিন।
বুধবার (২২ এপ্রিল) সকালে ইনসাব এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ এক বিবৃতিতে এ কমিটির ঘোষণা করেন। এসময় তিনি সাভার উপজেলা কমিটির পূর্বের সভাপতি মোঃ. জামিল সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় না থাকায় সাভার উপজেলা কমিটির মো. মাসুদ রানা পলিনকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত সভাপতি এবং সৈয়দ আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করেন এবং অন্যান্য নেতৃবৃন্দসহ আগামী ৩ (তিন) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে দাখিল করার জন্য বর্তমান কমিটির সভাপতিকে নির্দেশ দেন।
উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়ে পলিন বলেন, আমাকে সভাপতি করায় ইনসাব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।
অতীতের ন্যায় বর্তমানেও দেশের শ্রমজীবী মেহনতি মানুষ মানবেতর জীবন যাপন করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হওয়ায় শ্রমজীবী মানুষের পক্ষে জীবিকা নির্বাহ করা দুরুহ হয়ে পড়েছে, শ্রমজীবী মানুষের উপর চাঁদাবাজি, হয়রানী, নির্যাতন অহরহ ঘটছে। নারী শ্রমিকরা নানাভাবে নির্যাতিত ও নিগৃহিত হচ্ছে। ৫ আগষ্ট ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যূত্থানে সরকার পরিবর্তন হলেও শ্রমজীবী মানুষের উপর শোষন নির্যাতন অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ব্যক্তিমালিকানা নির্বিশেষে অবিলম্বে ৩০ হাজার টাকা জাতীয় নূন্যতম মজুরি ঘোষণা করতে হবে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। রেশনের মাধ্যমে শ্রমিকদের চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী শ্রমজীবী মানুষের মধ্যে সরবরাহ করতে হবে। শ্রমিক কলোনী স্থাপনের মাধ্যমে বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি আমার কমিটির সকল নেতাকর্মীদের নিয়ে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।



