স্টাফ রিপোর্টার: ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকায় প্রকাশ্যে মূত্রত্যাগের ঘটনা বেড়েই চলেছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, যাত্রী ও পরিবহন চালকরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় কোনো কার্যকর পাবলিক টয়লেটের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে অনেকেই মহাসড়কের ডিভাইডারের ফাঁক ও আশপাশে দাঁড়িয়ে মূত্রত্যাগ করছেন। এতে পরিবেশ দূষণ বাড়ছে এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক অসুবিধা তৈরি হচ্ছে।
অভিযোগ রয়েছে, প্রতিদিনই একাধিক ব্যক্তি ব্যস্ত এই মহাসড়কের পাশে প্রকাশ্যে মূত্রত্যাগ করছেন। স্থানীয়দের অনুরোধ ও সচেতনতার আহ্বান সত্ত্বেও এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি সাভার বাসস্ট্যান্ড এলাকার এক ব্যবসায়ী ডিভাইডারের পাশে দাঁড়িয়ে মূত্রত্যাগ করার সময় তার সামনে দিয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় ছিটকে আসা মূত্র কয়েকজন যাত্রীর শরীরেও লাগে, যা উপস্থিত মানুষের মধ্যে চরম বিরক্তি ও ক্ষোভের সৃষ্টি করে।
এছাড়াও বাসস্ট্যান্ড ও আশপাশের মহাসড়কের বিভিন্ন স্থানে একই ধরনের দৃশ্য প্রায়ই দেখা যায়। ফলে দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে এবং জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, দিনের বেলাতেই এমন প্রকাশ্য অশালীন কর্মকাণ্ড ঘটায় তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। তারা দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সচেতন মহল মনে করছে, জনসমাগমপূর্ণ গুরুত্বপূর্ণ সড়কে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজন কঠোর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা। পাশাপাশি দ্রুত পর্যাপ্ত পাবলিক টয়লেট স্থাপন ও জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি বলে মনে করছেন তারা।



